মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স, শুনানি ৪ মে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১৫:৪৮ | আপডেট : ৭ মার্চ ২০২৬, ১৮:৩৮
মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স গ্রেপ্তার হয়েছেন। আমেরিকার ক্যালিফোর্নিয়ার রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তিনি গ্রেপ্তার হন।
বুধবার (৪ মার্চ) রাতে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তারের পর মামলার প্রাথমিক প্রক্রিয়া শেষে পরদিন ভোরে মুক্তি পান ৪৪ বছর বয়সি এই শিল্পী।
পুলিশ বলছে, গ্রেপ্তারের কিছু সময়ের মধ্যেই জামিনে ছাড়া পান গায়িকা। তবে তার নামে মামলা হওয়ায় আগামী ৪ মে আদালতে হাজির হতে হবে ব্রিটনিকে। ওই দিন ভেনচুরা কাউন্টি সুপ্রিম কোর্টে মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে ব্রিটনির প্রতিনিধি একটি বিবৃতিতে জানিয়েছেন, এটি একটি দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য ঘটনা। কঠিন এই সময়ে স্পিয়ার্স যেন প্রয়োজনীয় সহায়তা পান, সেটিই পরিবার ও ঘনিষ্ঠদের প্রধান লক্ষ্য।
প্রতিনিধি আরও জানায়, স্পিয়ার্সের দুই ছেলে তার সঙ্গে থাকেন। পরিবারের সুস্থতা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ভাবছেন গায়িকা। তাই চলার পথে ব্রিটনি আইন মেনে চলবেন এবং জীবনে প্রয়োজনীয় পরিবর্তনের পথে এগোবেন।
আইনি জটিলতায় জড়ানোর ঘটনা এই প্রথম নয় ব্রিটনির ক্ষেত্রে। এর আগে ২০০৭ সালে ‘হিট অ্যান্ড রান’বা ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার একটি ঘটনায় জড়িয়েছিল তার নাম। সে সময় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মারার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মীমাংসা করেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত