মদনপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শেষ, বোমা তৈরির সরঞ্জামসহ জঙ্গি ওসামা নাঈম গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২১, ০৯:৫৩ | আপডেট : ১৬ জুলাই ২০২৬, ২৩:০৩
জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের কাজীপাড়ায় ঘিরে রাখা বাড়িতে অভিযান সমাপ্ত করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
রোববার (১১ জুলাই) মধ্য রাত সাড়ে ৩টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এর আগে দিনগত রাত ২টা ৫০ মিনিটে অভিযান শুরু করা হয়। অভিযানে বিপুল পরিমাণ জিহাদি বই, বোমা তৈরির সরঞ্জাম, রিমোট কন্ট্রোল উদ্ধার করা হয়েছে। তবে এ অভিযানে কোনো বোমা উদ্ধার বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি।
ডিআইজি সিটিটিসি ইউনিটের আসাদুজ্জামান অভিযান শেষে বলেন, আমাদের একটি টিম তিনদিন আগে বামসি বারেক ওরফে সাব্বিরসহ তিনজন জঙ্গিকে মিরপুর থেকে গ্রেফতার করে। সেই মামলায় বারেকের তথ্যমতে রোববার সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ থেকে মেজর ওসামা ওরফে নাইমকে গ্রেফতার করা হয়।
নাইম জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি নব্য জেএমবির সদস্য এবং তিনি বোমা বানান ও বোমা তৈরির প্রশিক্ষকও। তিনি এখানে পার্শ্ববর্তী মসজিদে ইমামতি করতেন। যে বাসা থেকে বোমার তৈরির সরঞ্জাম উদ্ধার করেছি, সেই বাসায় তিনি সপরিবারে থাকতেন। কয়েকদিন আগে তিনি তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেন এবং তিনি সরঞ্জাম নিয়ে একা একা বোমা বোমা তৈরি করছিলেন।
ডিআইজি আসাদুজ্জামান আরও বলেন, মদনপুরের এ অভিযানে আমরা কোনো কমপ্লিট বোমা পাইনি। তবে সরঞ্জাম ও চারটি রিমোট পেয়েছি। এখান থেকে আমরা শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা তৈরির সামগ্রী পেয়েছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত