ভার্চুয়াল কোর্ট বাতিল না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৮:০৭ |  আপডেট  : ২২ এপ্রিল ২০২৬, ১৯:৫৩

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্তকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিদ্ধান্ত বাতিল না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন আইনজীবী নেতারা।

বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল ও সমাবেশের মাধ্যমে তারা এ কর্মসূচির ঘোষণা দেন। আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে কালো পতাকা মিছিলসহ ধারাবাহিক আন্দোলন শুরু হবে।

সমাবেশে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মোকছেদুল ইসলাম, মাকসুদ উল্লাহ, আনিসুর রহমান বিশ্বাস রায়হান এবং ব্যারিস্টার আশরাফুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ভার্চুয়াল কোর্ট পদ্ধতি বিচারপ্রক্রিয়াকে ব্যাহত করছে এবং এতে বিচার ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০২০ অনুসরণ করে সপ্তাহে দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালত পরিচালিত হবে।

তবে সপ্তাহের বাকি দিনগুলোতে পূর্বের মতো সরাসরি আদালত কার্যক্রম চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত