দুর্ভোগে মধ্যবরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
ভবনহীন স্কুলে পাঠদান, তার ওপর একের পর এক চুরি
হিমাদ্রি শেখর কেশব, বরগুনা
প্রকাশ: ৪ মে ২০২৬, ১৫:৪৪ | আপডেট : ৪ মে ২০২৬, ১৬:৪৯
বরগুনা সদর উপজেলার মধ্যবরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ভোগ যেন থামছেই না। কিছুদিন পরপরই বিদ্যালয়টিতে ঘটছে চুরির ঘটনা। দফায় দফায় বৈদ্যুতিক পাখা ও বাল্ব চুরির পর এবার চুরি হয়েছে বিদ্যুতের সার্ভিস তার।
এর আগে বিদ্যালয়ের ভবনের বিম ভেঙে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় শিক্ষার্থীরা। এরপর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও, কয়েক বছর পেরিয়ে গেলেও নতুন কোনো ভবন নির্মাণ করা হয়নি। ফলে বাধ্য হয়ে শিক্ষকরা একটি টিনের ঝুপড়ি ঘর তৈরি করে সেখানেই পাঠদান চালিয়ে যাচ্ছেন।
টিনের ঘরে পাঠদান করায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে। বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে ক্লাসরুমগুলো হয়ে যায় স্যাঁতস্যাঁতে। আবার গ্রীষ্মের তীব্র গরমে টিনের ঘরগুলো পরিণত হয় যেন অগ্নিকুণ্ডে। এতে ছোট ছোট শিক্ষার্থীরা ক্লাসে বসে প্রচণ্ড কষ্টে সময় কাটায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা বেগম জানান, সকালে বিদ্যালয়ে এসে দীর্ঘ সময় বিদ্যুৎ না পেয়ে পাশের বাড়িতে খোঁজ নেওয়া হলে দেখা যায় সেখানে বিদ্যুৎ রয়েছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ের সার্ভিস তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি আরও জানান, এ পর্যন্ত ৯টি বৈদ্যুতিক পাখাসহ অসংখ্য বাল্ব চুরি হয়েছে।
তিনি বলেন, টিন ও কাঠের জরাজীর্ণ ঘর হওয়ায় বেড়া ভেঙে বা টিন কেটে প্রায়ই চুরির ঘটনা ঘটে। একটি পাকা ভবন নির্মাণ করা হলে এসব সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব হতো এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারত। চুরির বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত