বাংলাদেশে একটা ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করা হবে: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৭ | আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৯
বাংলাদেশে একটা ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গণমাধ্যমের লক্ষ্য তথ্যকে মানুষের কাছে নির্ভেজালভাবে উপস্থাপন করা। আমরা নীতিমালার আলোকেই সব সমস্যার সমাধান করব।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
তথ্য মন্ত্রণালয়ে আপনার অগ্রাধিকার কী থাকবে এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে আমরা মনে করি আমাদের এই যে দীর্ঘ যাত্রা, এই যাত্রার পেছনে আপনাদের অবদান রাজপথের নেতাকর্মীদের চাইতে কোনো অংশেই কম নয়। দীর্ঘ আন্দোলনের এই পথে গণমাধ্যমের প্ল্যাটফর্মগুলিও ছিল একটা আন্দোলনের যুদ্ধক্ষেত্র। সেখানে আপনাদের সবার সহযোগিতা আমরা পেয়েছি।
আন্দোলন সংগ্রামের অন্যান্য সকল সাথীদের আমরা যেভাবে মূল্যায়ন এবং তাদের সম্মান দেওয়ার চেষ্টা করছি, গণমাধ্যম সংশ্লিষ্ট সকল সহকর্মীদের আমরা সেভাবেই বিবেচনা করব।তিনি বলেন, আজ আমাদের নতুন সরকারের ক্যাবিনেট মিটিং বসবে বিকেল ৩টায়। ক্যাবিনেট মিটিংয়ের পরে আমার মনে হয় আপনাদের সঙ্গে আমার আনুষ্ঠানিক কাজ করতে পারব। আজ শুধু সৌজন্যতা বিনিময় করছি।
নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমরা দেখেছি যে, নানা ধরনের অপরাধ, নানা ধরনের অপপ্রচার ও গুজবে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। এই বিষয়ে কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সারা পৃথিবীব্যাপী গণমাধ্যমের জন্য তথ্যপ্রযুক্তির ক্ষমতার কারণে এটা একটা নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। অন্যান্যদের মতো আমাদেরও এ বিষয়ে ভেবেচিন্তে পথ চলতে হচ্ছে। প্রযুক্তির ক্ষমতার কারণে একদিকে যেমন ক্ষমতায়ন হয়েছে আরেকদিকে নতুন নতুন অনেক এমন জটিলতা তৈরি হয়েছে, যা প্রযুক্তি দিয়ে সমাধান করতে হবে। আমি আপাতত কোনো মন্তব্য করছি না।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, গণমাধ্যমের লক্ষ্য যেটা তথ্যকে মানুষের কাছে নির্ভেজালভাবে উপস্থাপন করার নীতিমালা, আমরা সেই আলোকেই সব সমস্যার সমাধান করব।
ভয়মুক্ত সাংবাদিকতা থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিজেই একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক কর্মীর দীর্ঘ ইতিহাসের পথ পেরিয়েই আপনাদের সামনে এই মুহূর্তে মন্ত্রী হিসেবে কথা বলছি। আমি নিজে জানি ভয়ভীতির মধ্যে যারা বাস করে তাদের কী ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে থাকতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো এরকম সম্মানিত পেশায় যারা কাজ করেন তাদের যদি সারাক্ষণ উল্টো একটা নজরদারির মধ্যে থাকতে হয়, এই সমস্যা যেহেতু আমরা জানি। আমাদের প্রধানমন্ত্রী যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, ফলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করব, ইনশাআল্লাহ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত