ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ১৬:৪৫ | আপডেট : ৫ আগস্ট ২০২৬, ০৫:১৭
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসে প্রথমে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
শুক্রবার (১৯ মার্চ) বেলা ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এরপর মাহিন্দা রাজাপাকসে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পারিজাত ফুলের গাছের চারা রোপন করেন। পরে তিনি ১১টা ১৪ মিনিটে ঢাকার উদ্দেশে রওয়ানা হন। জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের আগমনকে কেন্দ্র করে সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং এর আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। দুই দিনের সফরে শুক্রবার সকাল পৌনে ১০টায় ঢাকায় পৌঁছান রাজাপাকসে। তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। রাজাপাকসেকে স্বাগত জানিয়ে ২১ বার তোপধ্বনি দেয়া হয়। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে লাইন অব প্রেজেন্টেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেন ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত