পৃথিবীখ্যাত ব্যক্তিদের শৈশব কথন: বিখ্যাতদের ছেলেবেলা

  সাধন সরকার

প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ১৫:১৭ |  আপডেট  : ৮ মার্চ ২০২৬, ১৮:১৫

গ্রন্থের নাম: বিখ্যাতদের ছেলেবেলা
লেখক: সাধন সরকার
প্রচ্ছদ ও অলংকরণ: গোলাম কিবরিয়া
মূল্য: ২৫০ টাকা।
প্রকাশনী: কারুবাক 
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৬
পৃষ্ঠাসংখ্যা: ৯৬

গ্রন্থ আলোচনা: ‘বিখ্যাতদের ছেলেবেলা’ মূলত দেশ-বিদেশের ২৫ জন বিখ্যাত ও মহান ব্যক্তির শৈশব তথা ছেলেবেলার আখ্যান। অধ্যবসায় আর লেগে থাকলে যেকোনো কিছু হওয়া সম্ভব- মহান ব্যক্তিদের এমন সব জীবনের গল্প লেখক সাধন সরকার গ্রন্থটিতে আলোকপাত করেছেন। এটি মূলত শিশু-কিশোরদের অনুপ্রেরণামূলক শিশুতোষ গ্রন্থ। 
আলোকিত হওয়ার মতো আগুন নিয়েই প্রতিটি শিশুর জন্ম। কিন্তু বাস্তবতা হলো, মেধা বিকশিত করার পরিবেশটা বেশিরভাগ শিশুই পায় না! একটা শিশু হয়তো পড়ালেখায় টপার না, কিন্ত সে খেলাধুলায় ভালো। অনেক শিশু প্রোগ্রামিংয়ে দক্ষ, অনেকে পাঠ্যবইয়ের বাইরের বই পড়তে পাগলপারা। প্রযুক্তি দুনিয়ার গুরু স্টিভ জবস রিড কলেজের পাঠ শেষ করতে পারেননি। অভাবের কারণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বেশি দূর লেখাপড়া হয়ে ওঠেনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলের লেখাপড়ায় মন টেকাতে পারেননি। হার্ভার্ডের পড়ালেখা শেষ না করেই প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন বিল গেটস। পরে হার্ভার্ডের টপাররাই তার প্রতিষ্ঠানে এসে কাজ করত। মহাবিজ্ঞানী আইনস্টাইন ছোটবেলায় লেখাপড়ায় টপার ছিলেন না। সেই আইনস্টাইন নিজ সাধনায় হয়েছেন বিশ্বের সেরা বিজ্ঞানী। লিওলেন মেসি খুব বেশি দূর লেখাপড়া করতে পারেননি। সেই লিওলেন মেসি ফুটবলবিশ্বকে জয় করেছেন। এমনসব অনুপ্রেরণামূলক কাহিনী পাঠ করা মানেই পৃথিবীখ্যাত ব্যক্তিদের মতো নিজেকে তৈরি করার গল্প জানা। 

গ্রন্থটিতে মহাবিজ্ঞানী আইনস্টাইন, কবি আল মাহমুদ, এ পি জে আবদুল কালাম, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জীবনানন্দ দাশ, কবি কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু, মাদার তেরেসা, শেকসপিয়ার, জগদীশচন্দ্র বসু, সমরেশ মজুমদার, মাইকেল মধুসূদন দত্ত, নেলসন ম্যান্ডেলা, কবি জসীমউদ্‌দীন, বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস, বিল গেটস, আব্রাহাম লিংকন, মেসি, বিশ্বকবি রবীন্দ্রনাথ, শামসুর রাহমান, বারাক ওবামা, নিউটন, স্টিভ জবস ও হুমায়ূন আহমেদের ছেলেবেলার গল্প তুলে ধরা হয়েছে।

গ্রন্থটি পড়ে শিক্ষার্থীরা ভেতরে একটা অদৃশ্য শক্তি অনুভব করবে। পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা হয়তো আশপাশের আট-দশটা শিশুর মতো সাদামাটা একটা শৈশব কাটিয়েছেন বলে মনে হবে! কেমন ছিল বিখ্যাতদের ছেলেবেলা? এমন কৌতূহলী প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে এই গ্রন্থে। গ্রন্থটির ভাষা সহজ-সরল। বিখ্যাত ব্যক্তির জন্ম, শৈশবে বেড়ে ওঠা, লেখাপড়া, ছেলেবেলার ঘটনা, শিশুতোষ রচনা, বিখ্যাত হওয়ার গল্প ও পুরস্কারকেই তুলে ধরা হয়েছে। গ্রন্থটিতে অপ্রাসঙ্গিক কথন পরিহার করা হয়েছে। গ্রন্থটি শিশু-কিশোর সাহিত্যে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক সংযোজন। নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে ও এগিয়ে নিতে গ্রন্থটি সব শিক্ষার্থীর পড়া উচিত।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত