পঞ্চগড়ে হুদা পাম্পের বিরুদ্ধে কালোবাজারে জ্বালানী তেল বিক্রির অভিযোগ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১১:২৬ | আপডেট : ১ এপ্রিল ২০২৬, ১৫:৫৩
পঞ্চগড় সদর উপজেলার তেতুঁলিয়া-পঞ্চগড় সড়কের হেলিপোর্ট বাজার এলাকায় অবস্থিত মেসার্স হুদা এন্ড সন্স ফিলিং ষ্টেশন থেকে রাতের আঁধারে অধিক মুনাফার লোভে কালোবাজারে উচ্চমূল্যে পেট্রোল বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে ওই ফিলিং স্টেশনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও জ্বালানী তেল না পাওয়া মোটরসাইকেল চালকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্টেশনটির ম্যানেজার মাসুদের মুঠোফোন বন্ধ থাকলেও কর্মচারীরা বলছেন, রিজার্ভের কিছু পরিমাণ পেট্রোল ছিল, যেটা রাতে পরিচিত ব্যক্তিদের দিয়ে দিয়েছে তারা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, শনিবার বেলা ১১ টায় এই ফিলিং স্টেশন থেকে তেল দেওয়া শুরু হয়। বিকালে দীর্ঘ লাইন থাকলেও পেট্রোল নেই বলে ঘোষণা দেয় পাম্প কর্তৃপক্ষ। এদিকে রাতে কালোবাজারে উচ্চ মূল্যে পেট্রোল বিক্রি করে ওই পাম্প কর্তৃপক্ষ।মকসেদ নামের এক ভ্যান চালক বলেন, রাতে মোটরসাইকেলসহ একাধিক জারে পাম্প থেকে তেল নিতে দেখা গেছে ব্যক্তিদের।
মেসার্স হুদা ফিলিং ষ্টেশনের প্রোপাইটর নুর ইসলাম হুদা জানান, ৩ হাজার লিটার পেট্রোলের মধ্যে সন্ধ্যা পর্যন্ত ২ হাজার ২০০ লিটার দেওয়া হয়। এডিএম স্যারের সাথে কথা বলে রোববার সকালে অবশিষ্ট ৮০০ লিটার পেট্রল দেওয়ার কথা ছিল। কিন্তু ভীড় সামলানোর কথা চিন্তা করে সকালের আগেই ভোরে প্রশাসনের গাড়িসহ বিভিন্ন কার-মাইক্রোবাসসহ মোটরসাইকেলে দিয়ে শেষ করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ( এডিএম ) এসএম ইমাম রাজী টুলুর মুঠোফোনে কল করে কোন সাড়া পাওয়া যায়নি।
তবে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা সুলতানা বলেন, রাতে তেল বিক্রিসহ সরাসরি গাড়ি ছাড়া জার বা কোন ড্রামে তেল দেওয়া নিষিদ্ধ রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত