নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৭:৫৩ | আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৭:৩৯
বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে সাব্বির হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া সড়কপাড়ায় এ ঘটনা ঘটে। সাব্বির হোসেন নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির হোসেন দুই বছর আগে ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সময় প্রেম করে সুমাইয়া খাতুন (২০) নামে এক মেয়েকে বিয়ে করে। ওই স্ত্রীকে নিয়ে মাসখানেক আগে নিজের বাড়িতে নিয়ে এলে পরিবারের লোকজন তাদের মেনে নেয় না। পরে সে স্ত্রীকে নিয়ে দামগাড়া সড়কপাড়ায় একটি ভাড়া বাসায় উঠে। নন্দীগ্রামে আসার পর সাব্বির হোসেন হোটেল শ্রমিকের কাজ করে সংসার চালাতো। সপ্তাহখানেক আগে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের কারণে স্ত্রী সুমাইয়া ঢাকায় চলে যায়। স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সাথে বেঁধে ফাঁস দেয়। সুমাইয়া খাতুন ভিডিও কল দ্রুত কেটে দিয়ে তাদের প্রতিবেশীকে ফোন করে বিষয়টি জানায়। পরে প্রতিবেশীরা গিয়ে সাব্বির হোসেনের ঝুলন্ত মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত