নন্দীগ্রামে মিলন হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

  নাজমুল হুদা , নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ |  আপডেট  : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৫

বগুড়ার নন্দীগ্রামে মিলন হোসেন হত্যার বিচারের দাবিতে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষোভ মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সমনের এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। 

মানববন্ধন কর্মসূচি চলাকালে উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবীসহ অন্যান্য বক্তারা মিলন হোসেনকে ছাত্রদল কর্মী দাবি করে তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামের দিলবর হোসেনের ছেলে মিলন হোসেন (১৭) নামে ওই কিশোরকে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিহতর বাবা ১৩জনের নামে নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় আরও ১০ থেকে ১৫জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। 

এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, থানা পুলিশ মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করছে। সেই সাথে আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত