নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী ও এক পকেটমার গ্রেপ্তার

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ১৭:১৫ |  আপডেট  : ১০ মে ২০২৬, ১৮:৪৯

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী ও এক কুখ্যাত পকেটমার গ্রেপ্তার হয়েছে। শনিবার (৯ মে) পুলিশের মাদকবিরোধী অভিযানে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দিঘীরপাড়া গ্রামের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও পূর্বের ছয়টি মামলার আসামি আনিছুর রহমান (৪৯), ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রাম গ্রামের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও যুবলীগ নেতা রাহী হোসেন (৩১), একই গ্রামের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জুলফিকার আলী (৫৭) এবং কুন্দরহাট এলাকার কুখ্যাত পকেটমার রুস্তম আলী (৪০)। 

থানা পুলিশ জানায়, কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ থালতা মাঝগ্রাম ইউনিয়নের দিঘীরপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে আনিছুর রহমানকে ৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। অপরদিকে থানা পুলিশ ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রাম গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে রাহী হোসেন ও জুলফিকার আলীকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। একই অভিযানে কুন্দরহাট এলাকার কুখ্যাত পকেটমার রুস্তম আলীকেও গ্রেপ্তার করে। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী ও এক পকেটমারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বগুড়া কোর্টে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত