নন্দীগ্রামে মাছের খাদ্যের দোকানে লাইসেন্স না থাকায় জরিমানা

  নাজমুল হুদা

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৫:০৫ |  আপডেট  : ২৪ জুলাই ২০২৬, ০৯:৩০

বগুড়ার নন্দীগ্রামে মাছের খাদ্যের দোকানে লাইসেন্স না থাকায় দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রবিবার (১০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাজার মনিটরিং করেন। সেসময় মেসার্স বিসমিল্লাহ ফিড নামে মাছের খাদ্যের দোকানের লাইসেন্স প্রদর্শন করতে না পারায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইনে মেসার্স বিসমিল্লাহ ফিড এর প্রোপাইটর ভাটগ্রামের আয়েত আলীর ছেলে রুহুল আমিন (৫১) কে দুই হাজার টাকা জরিমানা করেন। 

এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু। তিনি বলেন, প্রত্যেক ব্যবসায়ী এবং দোকান মালিককে আইন মেনে ব্যবসা করতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বেঞ্চ সহকারী ছিলেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত