নন্দীগ্রামে বিএনপির বিশাল বিজয় মিছিলে হাজার হাজার নেতাকর্মীর ঢল

  নাজমুল হুদা

প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ১১:৫৩ |  আপডেট  : ৫ আগস্ট ২০২৬, ১১:৩৯

২০২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি দিবস সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে বিএনপির বিশাল বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিজয় মিছিল সফল করতে উপজেলা বিএনপির ডাকে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন স্থান থেকে ছুটে আশা হাজার হাজার নেতাকর্মীরা এই বিজয় মিছিলে অংশ গ্রহণ করে। 

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ চত্বর হতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যােগে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এরপর উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডারের সঞ্চালনায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, আজ এমন একটি দিন যা দীর্ঘ ১৭ বছর অনেক জেল-জুলুম নির্যাতন সহ্য করে ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ২৪ এর এই বিজয় পেয়েছি। গণঅভ্যুত্থান ঘটাতে গিয়ে আমাদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া কমলমতি শিক্ষার্থীরাসহ অসংখ্য তরতাজা প্রাণ ঝরে গেছে। স্বৈরাচার শেখ হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে পাখির মতো গুলি করে আন্দোলনরত ছাত্র-জনতার প্রাণ কেড়ে নিয়েছে। শত শত বাবা-মায়ের বুক খালি করে দিয়েছে। গুলি খেয়ে আজও হসপিটালের বেডে শুয়ে আছে আন্দোলনরত অনেক ছাত্র-জনতা। শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে সকল ছাত্র-জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের এই বিজয় এনে দিতে শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 

উল্লেখ্য, উক্ত বিজয় মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত