নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে কলেজছাত্রের আত্মহত্যা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১ জুন ২০২৬, ২১:৩৮ | আপডেট : ১২ জুন ২০২৬, ২২:৪৪
বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে ওমর ফারুক সৌরভ (২৪) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সৌরভ নন্দীগ্রাম কলেজপাড়ার শামীম আহমেদের ছেলে। থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সবার অজান্তে সৌরভ শয়ন ঘরের বাঁশের তীরের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ সময় সৌরভের মা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক অস্থিরতার কারণে সে এ আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তবে প্রকৃত কারণ উদঘাটনে থানা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
সোমবার দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। বর্তমানে মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত