নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাজমুল হুদা , নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ১৪:২১ | আপডেট : ৮ এপ্রিল ২০২৬, ১৭:০৬
বগুড়ার নন্দীগ্রামে নিজ বাসা থেকে সাগর (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রহমান নগর এলাকার নিজ বাসার শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে দড়িতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করেন থানা পুলিশ।
নিহত সাগর নাটোর জেলার সিংড়া উপজেলার ১ নম্বর সুকাশ ইউনিয়নের ভূঁইয়া মাসিন্দা গ্রামের গোলাম রব্বানীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাগর ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার পরিবার সিংড়ায় বসবাস করলেও তিনি নন্দীগ্রামের রহমান নগর এলাকায় স্ত্রীকে নিয়ে নিজ বাসায় থাকতেন। প্রায় এক মাস আগে তিনি ঢাকা থেকে নন্দীগ্রামে চলে আসেন। বেশকিছুদিন আগে স্ত্রীর সাথে সাগরের মনোমালিন্য হয়। এ কারণে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। মঙ্গলবার দুপুরে তাকে জীবিত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এরপর দিন ও রাত পেরিয়ে গেলেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় বুধবার সকালে সাগরের বাবা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান সাগর ঘরের সিলিং ফ্যানের সাথে দড়িতে ঝুলে আছে। পরে বিষয়টি থানা পুলিশকে জানান। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, সাগর নামে যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য ময়না তদন্ত শেষে জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত