নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৬ |  আপডেট  : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৪

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শশিনগন গ্রামে গলায় ফাঁস দিয়ে আলহাজ্ব নবাব আলী (৬৯) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টা থেকে রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার মধ্যে যেকোনো সময় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মিরজান আলীর ছেলে। 

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। এরপর  ভোরে ফজরের নামাজের জন্য অজু করতে গিয়ে তার পুত্রবধূ চুলারপাড়ে বাঁশের রুয়ার সঙ্গে দাড়ি দিয়ে ফাঁস দেওয়া শ্বশুরের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারপর ঘটনার বিষয়ে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেন। 

ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়না তদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন। তিনি আরও জানান, নবাব আলী পাঁচ সন্তানের জনক। তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী। 

এ বিষয়ে জানতে চাইলে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের সরকারি ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ হয়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত