নন্দীগ্রামে কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১৫:৫৭ | আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৭:১৭
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বৈলগ্রাম এলাকায় এক কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দ্বোতলা মাটির তৈরি বসতবাড়ির ৩টি ঘর পুড়ে প্রায় ৩ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ করেই কৃষক খলিলুর রহমানের বসতবাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। সেসময় পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাড়ির তিনটি ঘরসহ ভিতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সেলিম হোসেন জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
এ ঘটনায় স্থানীয়রা জানান, আগুন লাগার সময় বাড়িতে থাকা লোকজন কোনোরকমে প্রাণ নিয়ে বের হয়ে আসতে পারলেও ঘরের ভেতরের অধিকাংশ মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক খলিলুর রহমান বলেন, রাতের বেলা হঠাৎ আগুন দেখতে পাই। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আমরা শুধু প্রাণ বাঁচিয়ে বের হতে পেরেছি। ঘরের ভেতরে থাকা কাপড়চোপড় ও আসবাবপত্রসহ সব পুড়ে গেছে। এখন আমরা একেবারে অসহায় হয়ে পড়েছি। তিনি আরও বলেন, এই ঘরই ছিলো আমাদের একমাত্র আশ্রয়। এতো কষ্ট করে বানানো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেলো। সরকারের সহযোগিতা পেলে আবার নতুন করে ঘর তুলতে পারতাম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত