নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের সভাপতিকে ছুরিকাঘাত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১৫:৫৯ |  আপডেট  : ২ মার্চ ২০২৬, ১৭:১৬

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে উপজেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ও নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল গুরুতর আহত হয়েছে। ফিরোজ আহম্মেদ শাকিল নন্দীগ্রাম পৌর এলাকার মাঝগ্রামের শফিকুল ইসলামের ছেলে। রবিবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। 

রবিবার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল হামলার ঘটনায় পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ওই পোস্টে তিনি লিখেন, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তার মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে তাকে এলোপাথাড়িভাবে মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করে দেন। 

রাতেই খবর পেয়ে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন হাসপাতালে যান। তিনি সাংবাদিকদের জানান, হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতে সবধরনের ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তরা দলের কেউ হলেও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রশ্রয় পাবে না এবং সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ওই ঘটনায় থানায় এখনো অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত