নন্দীগ্রামে অবৈধভাবে পুরাতন কালভার্ট বন্ধ করে দিয়ে রাস্তা কেটে নতুন কালভার্ট স্থাপনের অভিযোগ 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ৮ আগস্ট ২০২৫, ১৭:৩৭ |  আপডেট  : ৩০ জুলাই ২০২৬, ১৯:২৬

বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুরাতন কালভার্ট বন্ধ করে দিয়ে রাস্তা কেটে নতুন কালভার্ট স্থাপনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ৪ আগস্ট নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের নাগড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে আশিকুর রহমান পলাশ। তিনি বলেন, একই গ্রামের আদম আলী, আইয়ুব আলী, আব্দুল খালেক ও মো. রাসেল অবৈধভাবে পুরাতন কালভার্ট বন্ধ করে দিয়ে আমার জমির পাশ দিয়ে রাস্তা কেটে একটি নতুন কালভার্ট স্থাপন করেছে। এতে আমার জমির ক্ষতি হয়েছে। যে কারণে ফসল উৎপাদন কম হবে। 

এ ছাড়াও পুরাতন কালভার্ট বন্ধ করে দিয়ে রাস্তা কেটে নতুন কালভার্ট স্থাপনের ফলে পানি প্রবাহের পথ বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে আমার কৃষি জমিতে বন্যার মতো পানি জমে রয়েছে। বিষয়টি  উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো প্রতিকার হয়নি।

তিনি আরো বলেন, দুঃখজনক বিষয় হচ্ছে, যখন আমার পিতা এই সমস্যাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে পুরনো কালভার্টটি পুনরায় চালু করার অনুরোধ করেন কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয়নি।  বিবাদীরা বিভিন্ন সময় আমাদের গালিগালাজ করে। অবৈধভাবে রাস্তা কেটে যারা কালভার্ট স্থাপন করেছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান আশিকুর রহমান পলাশ। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানুর সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য এলজিইডি কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত