নন্দীগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে বিকাশ ব্যবসায়ীর ৪০ হাজার টাকা খোয়া

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:১১ |  আপডেট  : ১৩ আগস্ট ২০২৬, ১৫:২৭

বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে এক বিকাশ ব্যবসায়ীর ৪০ হাজার টাকা খোয়া গেছে। জানা গেছে, শুক্রবার (১১ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের ওমরপুর বাসস্ট্যান্ডের ইসমাইল স্টোর নামে মুদি ও বিকাশের দোকানের সামনে একটি মাইক্রোবাস থামিয়ে প্রথমে একজন মহিলা নেমে দোকানে এসে বিভিন্ন জিনিসপত্র নেওয়ার জন্য ইসমাইল স্টোরের স্বত্বাধিকারী ইসমাইল হোসেনের সাথে দরদাম করতে থাকে এবং কিছু জিনিসপত্রও ক্রয় করে। এরপর অপর একজন লোক একই মাইক্রোবাস থেকে নেমে এসে ওইসব জিনিসপত্রের মূল্য পরিশোধ করার জন্য পকেট থেকে টাকা বের করে দিতেই ইসমাইল হোসেন মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন। আর এই সুযোগেই বিকাশ ব্যবসার জন্য ড্রয়ারে রাখা ৪০ হাজার টাকা নিয়ে অজ্ঞান পার্টির সদস্যরা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেয়ে ইসমাইল হোসেন দেখতে পায় তার ড্রয়ারে রাখা ৪০ হাজার টাকা খোয়া গেছে। 

এ বিষয়ে বিকাশ ব্যবসায়ী ইসমাইল হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, দুইজন লোক এসে আমার দোকানে বিভিন্ন জিনিসপত্রের দরদাম করতে থাকে এবং কিছু জিনিসপত্রও কিনেন তারপর টাকা বের করে আমার হাতে দিতেই আমি কেমন জানি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আর কিছুই বলতে পারি না। কিছু সময় পর একটু স্বাভাবিক হয়ে দেখি ড্রয়ারে রাখা ৪০ হাজার টাকা নাই। তিনি আরো বলেন, আমার ধারণা টাকার সাথেই হাই পাওয়ার কোনো কেমিক্যাল মেশানো ছিলো যেটাতে আমি মুহূর্তেই অজ্ঞান হয়ে যাই। আর তাতেই আমার সর্বনাশ হয়ে যায়। একসাথে ৪০ হাজার টাকা খোয়া যাওয়াতে আমার ব্যবসার চরম ক্ষতি হয়ে গেলো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত