থালাপতি বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, বিচ্ছেদের আবেদন স্ত্রীর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ |  আপডেট  : ১ মার্চ ২০২৬, ০০:৪২

দক্ষিণি চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়-এর সঙ্গে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বিবাহবিচ্ছেদের আবেদনে সংগীতা অভিযোগ করেছেন—এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। ২০২১ সালে বিষয়টি জানতে পারেন তিনি এবং এখনো সেই সম্পর্ক অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন।

১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও সংগীতা। তাদের সংসারে দুই সন্তান—জেসন সঞ্জয় ও দিব্যা শাশা।সংগীতার দাবি, সংশ্লিষ্ট অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানার আশ্বাস দিয়েছিলেন বিজয়। তবে তা রক্ষা করা হয়নি। ওই অভিনেত্রীর সঙ্গে বিদেশ সফর এবং সামাজিক মাধ্যমে একসঙ্গে ছবি প্রকাশ নিয়েও আপত্তি তুলেছেন তিনি।

বিচ্ছেদ আবেদনে সংগীতা আরও অভিযোগ করেন, এই ঘটনার কারণে তিনি ও তার দুই সন্তান অপমানিত বোধ করছেন। তাঁকে সামাজিক ও পেশাগত জীবন থেকে দূরে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। এমনকি আর্থিক ও ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগও তোলেন সংগীতা।

বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দাম্পত্য সম্পর্কটি এখন কেবল কাগজে-কলমে টিকে আছে।

এরই মধ্যে অভিনয় থেকে সরে এসে রাজনীতিতে সক্রিয় হয়েছেন থালাপতি বিজয়। তিনি ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ (টিভিকে) নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে অবলম্বনে

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত