জ্বালানি সংকট মোকাবেলায় যৌথ কমিটি, প্রধানমন্ত্রীর প্রস্তাবে বিরোধীদলের সমর্থন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৮:১২ | আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ২০:২৭
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে জাতীয় সংসদে।
বৃহস্পতিবার সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন। সেই সঙ্গে বিরোধী দলকেও পাঁচজনের নাম দিতে আহ্বান জানান সংসদ নেতা।এ সময় সংসদ অধিবেশন পরিচালনা করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, “বিরোধী দলের প্রস্তাব ও পরামর্শ এই কমিটির মাধ্যমে সরকারের কাছে যাবে। সেখানে বাস্তবসম্মত কিছু থাকলে সরকার তা কার্যকর করার উদ্যোগ নেবে।”
সংসদ নেতা তারেক রহমান বলেন, এটি একটি ‘বৈশ্বিক প্রবলেম’, যার প্রভাব সারা বিশ্বে পড়েছে। তবে বাংলাদেশের মানুষের স্বার্থে সরকার যে কারও সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে যেকোনো আলোচনা যে কারো সাথে করতে প্রস্তুত রয়েছে।”
এরপর প্রধানমন্ত্রী বলেন, “আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করছি।
“আমি আপনার মাধ্যমে বিরোধীদলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব উনারাও যদি পাঁচ জনের নাম দেন, তাহলে এই ১০ জন ব্যক্তি বসে এই বিষয়গুলো আলোচনা করতে পারে।”
সংসদ নেতা বলেন, “কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে।”
সরকারি দলের পক্ষ থেকে ঘোষিত পাঁচ সদস্য হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, মইনুল ইসলাম খান শান্ত ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
পরে প্রধানমন্ত্রী বলেন, কমিটির সুপারিশ যাতে বাস্তবায়নের মুখ দেখতে পারে, সেজন্য জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সভাপতি করার প্রস্তাব করা হচ্ছে।
এর আগে বুধবার জাতীয় সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সরকারের সঙ্গে বসে সমাধান খোঁজার প্রস্তাব দেন।
তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকেও কিছু পরামর্শ আছে, সেগুলো নিয়ে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারে।
বৃহস্পতিবার সেই প্রস্তাবের জবাবে সংসদ নেতা পাঁচ সদস্যের নাম ঘোষণা করলেন এবং বিরোধী দলকে সমসংখ্যক সদস্য দিতে অনুরোধ জানালেন।
সংসদ নেতার এই ঘোষণার পর বিরোধীদলীয় নেতা শফিকুর তার প্রস্তাবকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, “আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাল্লাহ।”
জামায়াত আমির বলেন, তাদের পক্ষ থেকেও দ্রুত নাম দেওয়া হবে।
স্পিকার হাফিজ উদ্দিন বলেন, সরকার ও বিরোধী দলের এ ধরনের সহযোগিতার বার্তায় জনগণের মনে ‘অনেক আশা সঞ্চার’ হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই বিরোধী দলও তাদের পাঁচ সদস্যের নাম দেবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত