জামালপুরে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে একজনের ১০ বছরের কারাদন্ড
ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ৯ মার্চ ২০২৬, ১৮:৪৩ | আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৫:০১
এক স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে এক যুবককে দোষী সাব্যস্ত করে দশ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ( ৯ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবূনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। দোষী ব্যক্তি মো. রুমান মিয়া, জামালপুর সদর উপজেলার মির্জাপুর দক্ষিণপাড়া গ্রামের মো. মিলনের ১৯ বছর বয়সী ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ ফজলুল হক পি.পি. সাংবাদিকদের জানায়, রুমান মিয়া একই গ্রামের অষ্টম শ্রেণির এক নাবালিকা মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। সে প্রস্তাব প্রত্যাখ্যান করায় রুমান তাকে কোচিং সেন্টার থকে ফেরার পথে বিগত ২৭অক্টোবর, ২০২১ তারিখে বিকাল ৩ টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে জোরপূর্বক অপহরণ করে।
ঘটনার পর ভুক্তভোগীর বাবা গোলাম নবী জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। তদন্তের পর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে রুমানকে গ্রেপ্তার করে। পুলিশ তদন্ত শেষে রুমান এর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এরপর মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর প্রেরিত হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৭ জন সাক্ষী এবং প্রাসঙ্গিক নথিপত্র পরীক্ষা করে রুমানকে দোষী সাব্যস্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারায় তাকে দশ বছরের কারাদন্ডাদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, এ্যাডভোকেট মোঃ ফজলুল হক পি.পি. মামলার শুনানি করেন এবং আসামী পক্ষে ছিলেন, এ্যাডভোকেট রশিদ রেজওয়ান (বাবু)।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত