জামালপুরে চাঁদাবাজির করতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি 

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৭:৫১ |  আপডেট  : ১১ আগস্ট ২০২৬, ১১:১৬

জামালপুরে চাঁদাবাজি করতে গিয়ে নগদ টাকাসহ যৌথবাহিনীর হাতে আটক শহর স্বেচ্ছাসেবকদলের সদস্য হাবিবুর রহমান হাবিবকে (৩৫) বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার (২২ জুন) দিবাগত রাত ১০টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউছার।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর শহর শাখার সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় এবং সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক মোঃ হাবিবুর রহমান হাবিবকে শহরের সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউছার জানান, শনিবার হাবিবুর রহমানের বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবগত করা হয়। পরে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক হাবিবুর রহমান হাবিবকে শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত