ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ
ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৭:৩৫ | আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০০:৫৩
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ মে) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল কলেজ প্রাঙ্গনে এই কর্মসুচির আয়োজন করে।
সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক বোরহান উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, ছাত্রদল নেতা হৃদয়, রাকেশ, জিহাদ, রবেল, জাকিরুলসহ সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সোহরাওয়ার্দী উদ্যানে স্যার এ. এফ. রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত ছুরিকাঘাতে হত্যা করে। আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে কঠোর আন্দোলন কর্মসুচি শুরু করবে। সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের জন্য সরকারের কাছে দাবী জানান বক্তারা।
উল্লেখ্য, শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত