গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ আগস্ট ২০২৫, ১১:৪৩ |  আপডেট  : ১ এপ্রিল ২০২৬, ০৪:১২

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের ৫ম তলায় ইলেকট্রনিক্স পণ্যের দোকানে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে। ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা প্রকাশ করেছেন।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তবে ঘটনাস্থলে উপস্থিত ব্যবসায়ীরা বলছেন, যেখানে আগুন লেগেছে, সেখানে ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করা হয়। এখনও আগুন নিয়ন্ত্রণ আসেনি। আগুনের ভয়াবহতা এখনও রয়েছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত