গরুর হাটের ইজারার টাকা ভাগ নিয়ে কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৯:২৪ | আপডেট : ২৮ জুলাই ২০২৬, ২১:২৮
মাদারীপুরের কালকিনি উপজেলা-এ গরুর হাটের ইজারার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত দুইজন।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও খাসেরহাট গরুর হাটের ইজারাদার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে উপজেলার খাসেরহাট বাজার গোলচত্বর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে খাসেরহাট গরুর হাটের ইজারার টাকা গণনা করা হচ্ছিল। এ সময় দলের আরেকটি পক্ষ সেখানে গিয়ে ইজারার টাকার ভাগ দাবি করে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয়। আহত দুইজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।
হাট কমিটির সভাপতি ও বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম বলেন, “আমাদের ইজারাদার সদস্যরা হাটের টাকা গণনা করছিল। তখন একটি পক্ষ টাকার ভাগ নিতে আসে। না দেওয়ায় আমাদের লোকজনের ওপর হামলা চালানো হয়।”
এ বিষয়ে কালকিনি থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, “এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত