খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি
গ্রামনগর বার্তা অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৩ | আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০০:৩৩
ফাইল ছবি
বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লিভার সিরোসিসের জটিলতা বেড়ে যাওয়ায় তার শরীরের অন্যান্য ফাংশনেও প্রভাব পড়েছে। ফলে গত ২৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে বলে জানা গেছে।
বিএনপি সূত্রে জানা গেছে, রোববার (৩ সেপ্টেম্বর) রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হতে থাকে। তখন তাকে দেখতে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবারও খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। যে কারণে রাতে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বৈঠক করেন। চিকিৎসকরা কিছু ওষুধে পরিবর্তন আনার পাশাপাশি তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে জানতে চাইলে সোমবার রাতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা আগের মতো নেই। তার লিভারের জটিলতা বাড়ার কারণে শরীরের অন্যান্য ফাংশনেও প্রভাব পড়েছে। বলা যায়, তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, আমি গতকাল রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল থেকে এসেছি। ম্যাডামের অবস্থা ভালো নয়। চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে।
এভার কেয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়া যে কেবিনে চিকিৎসাধীন আছেন, সেখানে সিসিইউর সব ধরনের সুবিধা রাখা হয়েছে। যাতে প্রয়োজন মতো সাপোর্ট তাকে দেওয়া যায়। হাসপাতালের চিকিৎসক, নার্স, সবাই ২৪ ঘণ্টা সতর্ক রয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের জুন মাসে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন— খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন।পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পাশাপাশি লিভার সিরোসিসেও আক্রান্ত তিনি।
গত ১৩ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাবেক এই প্রধানমন্ত্রীকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল।
সর্বশেষ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত