নাইকো দুর্নীতি মামলায়
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির নতুন দিন ধার্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৮ | আপডেট : ১ আগস্ট ২০২৬, ১৩:০৫
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ দিন ধার্য করেন।
এ দিন খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী হাজিরা দেন। এরপর প্রয়োজনীয় কিছু কাগজ না পাওয়ায় শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ১ মার্চ দিন ধার্য করেন। এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি শেষ করে।
মামলা সূত্রে জানা গেছে, কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেন।
খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় ২০১৮ সালের ৫ মে। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।
মামলার অন্য আসামিরা হলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ (প্রয়াত), সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন (প্রয়াত), তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত