কেন জনপ্রিয় কৌতুক অভিনেত্রীর নাগরিকত্ব বাতিল করতে চান ট্রাম্প?  

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৮:০০ |  আপডেট  : ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১০

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি উপস্থাপিকা ও কৌতুক অভিনেত্রী রোজি ও'ডোনেলের নাগরিকত্ব বাতিল করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি টেক্সাসে ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং প্রশাসনের দুর্বলতা নিয়ে তীব্র সমালোচনা করায় তাঁর নাগরিকত্ব বাতিল করার হুমকি দিয়েছেন ট্রাম্প। 

রোজির নাগরিকত্ব বাতিলের বিষয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্টে প্রসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘রোজি আমাদের দেশের স্বার্থের জন্য হুমকি। এ কারণে তার নাগরিকত্ব বাতিলের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে ভাবছি। সে মানবজাতির জন্যে হুমকি। আয়ারল্যান্ড তাঁকে রাখতে চাইলে সেখানে থাকুক। ঈশ্বর তাঁর মঙ্গল করুন।’

নারী উপস্থাপিকা ও অভিনেত্রীর নাগরিকত্ব বাতিলের হুমকির পর থেকে প্রশ্ন উঠেছে আসলেই কী প্রেসিডেন্ট ট্রাম্প রোজির নাগরিকত্ব বাতিল করতে পারবেন? এ বিষয় আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, রোজি আমেরিকার নিউইয়র্কে জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মগত আমেরিকার নাগরিক। তাই একক সিদ্ধান্তে ট্রাম্প তাঁর নাগরিকত্ব বাতিল করতে পারবে না। 

বলে রাখা ভালো, ট্রাম্প এবং রোজির মধ্যকার দ্বন্দ্ব এবারই প্রথম না। দীর্ঘদিন ধরেই দুইজনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিবাদ চলছে। ২০১৪ সালে ওজন কমানো নিয়ে মন্তব্য করে রোজিকে অপমান করেছিলেন ট্রাম্প। এরপর নিয়মিতভাবেই তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। নানা কারণে রোজিকে কটুক্তি করেন ট্রাম্প। দীর্ঘদিন ধরে দুইজনের মধ্যে দ্বন্দ্ব চললেও এবারই প্রথম রোজির নাগরিকত্ব বাতিলের বিষয়ে কথা বলেছেন ট্রাম্প। 

কেন নাগরিকত্ব বাতিল করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প?  

গত ৪ জুলাই টেক্সাসে আকস্মিক বন্যায় ১১৯ জন নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনার জন্যে রোজি ট্রাম্প প্রশাসনকে দায়ী করেন। একটি টিকটক ভিডিওতে তিনি বলেন, ‘যখন রাষ্ট্রপতি সরকারিভাবে আগাম সতর্কবার্তা ও আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থা ধ্বংস করে দেন, তখনই এমন ঘটনা ঘটতে থাকে।’ যা শুনেই চটে গিয়েছেন ট্রাম্প। 

গত শুক্রবার টেক্সাসের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ট্রাম্প বলেন, তার প্রশাসন সর্বোচ্চ দক্ষতার সঙ্গে কাজ করছেন। প্রসিডেন্টের এ বক্তব্য প্রচারের পর রোজি ইনস্টাগ্রামে ট্রাম্পের সমালোচনা করে একটি পোস্টে লেখেন, ‘এ দেশের প্রেসিডেন্ট সবসময় আমাকে ঘৃণা করেছে। কারণ, আমি তাকে সত্যিকার অর্থে চিনতে পেরেছি। তিনি একজন অপরাধী, প্রতারক, যৌন নিপীড়ক এবং দেশদ্রোহী।’ জনপ্রিয় এ কৌতুক অভিনেত্রীর সমালোচনার জবাব হিসেবে নাগরিকত্ব বাতিলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত