মডেল বালাপাড়া ইউপি গড়ার অঙ্গীকার
কাউনিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পলাশের নির্বাচনী ইশতেহার ঘোষণা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ৭ মে ২০২৬, ১৬:৩৯ | আপডেট : ৭ মে ২০২৬, ১৭:৪৬
রংপুরের কাউনিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে বিভিন্ন প্রার্থীরা প্রচার প্রচারনায় নেমেছেন। তারই অংশ হিসেবে ৫ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী এসএম আমিরুল ইসলাম পলাশ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
কাউনিয়ার প্রাণকেন্দ্র জিন্না চম্পা ফাউন্ডেশন হলরুমে লিখিত বক্তব্যে আমিরুল ইসলাম পলাশ বলেন, সাংবাদিকগণ সমাজের আয়না, গণমানুষের বাস্তব চিত্র তুলে ধরা আপনাদের দায়িত্ব। আপনাদের মাধ্যমেই আমার নির্বাচনী ইশতেহার বালাপাড়াবাসীর সামনে উপস্থাপন করছি। তিনি ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি গত ৩টি নির্বাচনে বালাপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ৩ বারই জয়ী হয়ে (হ্যাট্রিক) মেম্বার হিসেবে প্রায় ১৫ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমার স্বপ্ন বালাপাড়া ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করা। সেই লক্ষ্যেই চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। গত বুধবার বিকালে সাংবাদিকদের সাথে সভায় তিনি তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারের উল্লেখযোগ্য দিকগুলো হলো, দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন, নাগরিক সেবা সনদ বিনামূল্যে প্রদান, কমিউনিটি ক্লিনিক ও টিকাদান সেবার মানোন্নয়ন, গ্রামীণ অবকাঠামোর সুষম উন্নয়ন, ওয়ার্ডভিত্তিক ক্লাব গঠন ও ক্রীড়া-সংস্কৃতির প্রসার, বাসস্ট্যান্ড, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট নির্মাণ ও শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণ, গ্রাম আদালতের ফি প্রত্যাহার করে দরিদ্রদের জন্য বিনামূল্যে ন্যায় বিচার প্রাপ্তি, বাল্য বিবাহ, নারী নির্যাতন, মাদক, ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ নারীদের জন্য বিশেষ কোটা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের সেবা সহজ ও দ্রæত প্রাপ্তি নিশ্চিত করার কথা বলেন। সবশেষে তিনি বলেন, সময় এসেছে পরিবর্তনের। পরিবর্তনের পক্ষে ইউনিয়নবাসী রায় দিবেন। সভায় গন্যমান্য ব্যক্তি আবেদ আলী, সাবেক ইউপি সদস্য আরমান আলী, ব্যবসায়ী আব্দুল মজিদ, সহকারী শিক্ষক মকবুল হোসেন, শিরিন আক্তার, অবসরপ্রাপ্ত পুলিশ আমিনুল ইসলাম সাগরসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত