কাউনিয়ায় কোরবানির জন্য তাজ এগ্রোতে ৮০টি গরু প্রস্তুত

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৬:৪৬ |  আপডেট  : ১৪ মে ২০২৬, ২০:৫৯

রংপুরের কাউনিয়া উপজেলার সাব্দি মৌলটারী গ্রামে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য তরতাজা ৮০টি গরু তাজ এগ্রো খামারে প্রস্তুত করা হয়েছে। প্রাকৃতিক খাবারে লালন-পালন ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনায় গরু মোটাতাজাকরণ করায় স্থানীয়সহ দূর-দূরান্তের ক্রেতাদের কাছে খামারটির ব্যাপক সুনাম তৈরি হয়েছে।

সরেজমিনে খামারে গিয়ে জানা গেছে, গরুগুলোকে কাঁচা ঘাস, লতা-পাতা, খৈল-ভ‚ষি, সাইলেজ ও ভুট্টাসহ প্রাকৃতিক খাদ্য খাওয়ানো হচ্ছে। ফলে গরুগুলো স্বাস্থ্যবান ও আকর্ষণীয় হয়ে উঠেছে। এছাড়া লাইভ ওয়েট (ওজন করে) গরু বিক্রির সুবিধা, দরদামের সুযোগ এবং হোম ডেলিভারি ব্যবস্থা থাকায় ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে তাজ এগ্রো খামার। খামারে ১ লাখ টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা মূল্যের গরুও রয়েছে। ইতোমধ্যে কয়েকটি গরু লাইভ ওয়েটে প্রতি কেজি ৫০০ টাকা দরে বিক্রি হয়েছে। আরও বেশ কয়েকটি গরুর জন্য আগাম বায়নাও করেছেন ক্রেতারা।

তাজ এগ্রো খামারের মালিক মোঃ তাজরুল ইসলাম জানান, ২০০৫ সালে মাত্র ৪টি গরু দিয়ে তিনি খামারের যাত্রা শুরু করেন। বর্তমানে তার খামারে ৮০টি ষাঁড় ও বলদ গরু রয়েছে। খামারে শাহিওয়াল, অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান ও হরিয়ানা জাতের কিছু গরু থাকলেও অধিকাংশই দেশি জাতের ষাঁড় ও আড়িয়া গরু। প্রাকৃতিক খাবারে লালন-পালনের কারণে গরুগুলোর চাহিদা দিন দিন বাড়ছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, চলতি মৌসুমে তার খামারের গরু বিক্রি করে ২ কোটি টাকার বেশি আয় হবে বলে আশা করছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এআরএম আল মামুন বলেন, “তাজ এগ্রো লিমিটেডের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রাকৃতিক খাদ্য ব্যবহার করে গরু মোটা তাজা করণ  করা হয়। কাঁচা ঘাস, সাইলেজ, ভুট্টা, গমের আটা ও ধানের কুড়া দিয়ে গরু গুলো প্রস্তুত করা হচ্ছে। প্রাণিসম্পদ অফিস থেকে নিয়মিত পরামর্শ ও টিকা প্রদান করা হয়। নতুন খামারিদের জন্য তাজ এগ্রো লিমিটেড একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত