কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা
রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৫:৫৪ | আপডেট : ১৯ মে ২০২৬, ১৭:২১
শরীয়তপুর জেনারেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত গুরুতর অসুস্থ্য রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর অন্যায়ভাবে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও দ্রুত বিচার এবং সকল সরকারী-বেসরকারী স্বাস্থ্য সেবাদান প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে নাটোরের সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারীরা অংশ নেন।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, ডা. আব্দুল আহাদ, ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাক্তার রিফাহ্ নানজীবা, দেশ মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী মতলেবুর রহমান, সেবা মেডিকেলের স্বত্বাধিকারী হারুন অর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশে চিকিৎসকদের কোনো নিরাপত্তা নাই, তাহলে তারা রোগীদের সেবা দিবে কিভাবে? শরীয়তপুরে চিকিৎসক নাসির ইসলামের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনা হোক। পাশাপাশি দেশের সকল হাসপাতাল ও স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত