এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না: জানালেন শিক্ষামন্ত্রী

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৫ জুন ২০২২, ১৪:০৮ |  আপডেট  : ২২ অক্টোবর ২০২৬, ২৩:২৭

চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিট (জেএসসি) ও জুনিয়র দাখিল সাটিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না। নতুন কারিকুলামে এ পরীক্ষা আর থাকছে না। শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়ন করে সনদ দেয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে রোববার সকালে এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রী দীপু মনি এসব তথ্য জানিয়েছেন।

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খানসহ অনেকে।

দীপু মনি বলেন, ‘চলতি বছর জেএসসি-জেডিসি পরীক্ষা নেয়া হবে না। এখন আর এ পরীক্ষা নেয়ার সময় ও প্রয়োজন নেই। সে কারণে এবার ক্লাস মূল্যায়নের মাধ্যমে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেয়া হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষা থাকছে না। ২০২৩ সালে এ পরীক্ষা নেয়ার প্রয়োজন দেখছি না। তাই বলা যায়, আর অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা নেয়া হবে না, তবে সরকার নতুন করে কোন পরিবর্তন আনলে সেটি আগে থেকে বলা যায় না। নতুন করে আর এ পরীক্ষা নেয়ার কোনো চিন্তাভাবনা নেই।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত