ইসির নির্দেশনা উপেক্ষা করে নন্দীগ্রাম পৌরসভার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২১ | আপডেট : ৫ আগস্ট ২০২৬, ১৬:৩৭
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা উপেক্ষা করে বগুড়ার নন্দীগ্রামে গণভোট ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা দেখা যাচ্ছে। ২৯ জানুয়ারি নির্বাচন কমিশন মন্ত্রিপরিষদ বিভাগকে লিখিত নির্দেশ দেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোট বিষয়ে জনগণকে সচেতন করতে পারলেও কোনোভাবে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না।
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পর অনেক সরকারি অফিসের সামনে থেকে ব্যানার সরানো হলেও নন্দীগ্রাম পৌরসভার প্রচারণা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিভিন্ন জনবহুল এলাকায় ও পৌর ভবনের সামনে ব্যানার টাঙানো দেখা যাচ্ছে। নন্দীগ্রাম পৌরসভার প্রশাসকের অফিসে এ প্রচারণার ব্যানার দেখে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নন্দীগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ বলেন, আমি চিকিৎসার জন্য ঢাকায় আছি। ব্যানারগুলো খোলার জন্য ফোন করে বলে দিবো।
নন্দীগ্রাম পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা শারমিন আরার সাথে যোগাযোগের জন্য তার মুঠোফোনে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি।
এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোট বিষয়ে জনগণকে সচেতন করতে পারবে। ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা করতে পারবেন না। নন্দীগ্রামে প্রাচারণার বিষয়টি জানা নেই। দেখে ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত