ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা, তেহরানে বিস্ফোরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪২ |  আপডেট  : ১ মার্চ ২০২৬, ০০:৪০

ইরানের বিভিন্ন স্থানে আকস্মিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ হামলা শুরু হয়।

আল জাজিরার একজন সংবাদদাতা জানিয়েছেন, তেহরানের কেন্দ্রস্থলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ধোঁয়া উড়তে দেখা গেছে। পশ্চিম তেহরানে দুটি বোমা বিস্ফোরণের শব্দ শুনেছেন আল জাজিরার সংবাদদাতা।সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল ও জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইসরাইলি নাগরিকদের সুরক্ষিত এলাকার কাছাকাছি থাকার জন্য সতর্ক করা হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, “ইরানের বিরুদ্ধে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।”তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালানো হয়েছে। সম্পূর্ণ দেশজুড়ে তাৎক্ষণিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।”

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা প্রতিশোধ হিসেবে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জনসাধারণকে প্রস্তুত করার জন্য দেশজুড়ে বিভিন্ন এলাকায় প্রতিরক্ষামূলকভাবে বিমান হামলার সাইরেন বাজিয়েছে।

একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যে অভিযানটি কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয়েছিল এবং এর সময় নির্ধারণ করা হয়েছিল কয়েক সপ্তাহ আগে।

প্রতিরক্ষা সংস্থার সূত্র জানিয়েছে যে ‘শিল্ড অফ জুডাহ’ নামক এই হামলার অন্যতম উদ্দেশ্য হবে ‘ইসরাইলি হোম ফ্রন্টের হুমকি দূর করা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং মনুষ্যবিহীন বিমান ঘাঁটির উপর জোর দেওয়া।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত