ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক কর্মসূচিই প্রধান গুরুত্ব পাবে: ট্রাম্প

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ |  আপডেট  : ১১ এপ্রিল ২০২৬, ১৬:৪২

ইরানের সঙ্গে চলমান আলোচনায় পারমাণবিক কর্মসূচিই প্রধান গুরুত্ব পাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই বিষয়ে আলাদা কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই।

ভার্জিনিয়ার শার্লটসভিল-এ যাওয়ার আগে উড়োজাহাজে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

ইসলামাবাদে যুদ্ধবিরতি সংলাপে যোগ দিতে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-কে কী বার্তা দিয়েছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি তাকে শুভকামনা জানিয়েছি।”

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এক দফায় শেষ হবে নাকি দীর্ঘমেয়াদি হবে এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ট্রাম্প। তবে ব্যাক-আপ পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “এক্ষেত্রে কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই।”

একটি সম্ভাব্য চুক্তি কেমন হতে পারে এ প্রশ্নের উত্তরে ট্রাম্প স্পষ্ট করেন, “ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকা চলবে না।” একই সঙ্গে তিনি দাবি করেন, তার দৃষ্টিতে ইরানে ইতোমধ্যে ‘রেজিম চেঞ্জ’ ঘটেছে।

এ সময় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি প্রসঙ্গেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, খুব শিগগিরই এই প্রণালি খুলে দেওয়া হবে, যদিও যুক্তরাষ্ট্রের জন্য এটি অপরিহার্য নয় বলেও মন্তব্য করেন।

জাহাজ চলাচলে ইরান টোল আরোপ করতে পারে এমন খবরে প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন, “আমরা তা হতে দেব না।”

বিবিসি-এর তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই এই মন্তব্যগুলো নতুন করে কূটনৈতিক তৎপরতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত