ভিজিএফের কার্ড থাকলেও পাননি চাল
ইউনিয়ন পরিষদ থেকে গায়েব ২১ বস্তা চাল
নোয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:৪১ | আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১২:২৭
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভিজিএফের ২১ বস্তা চাল উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিজিএফ চাল বিতরণের সঙ্গে সম্পৃক্ত ইউপি সচিবসহ সবাইকে দায়ী করছেন উপকারভোগীরা।
উপজেলার চরহাজারী ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন উপকারভোগীরা। এ সময় চাল না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারের দেওয়া উপজেলা পরিষদ থেকে ২৭২ বস্তা ভিজিএফের চাল অসহায় ও দুস্থদের মাঝে বিতরণের জন্য চরহাজারী ইউনিয়ন পরিষদে বরাদ্দ দেওয়া হয়। ওই চাল ১০ কেজি হারে ১৩৬০ জনের মাঝে বিতরণের জন্য উপকারভোগীদের স্লিপ দেওয়া হয়।
রবিবার (১৫ মার্চ) সকাল থেকে স্লিপের ১২৫৬ জনকে চাল দিলেও ১০৪ জন পাননি। তারা স্লিপ নিয়ে সকাল থেকে প্রচণ্ড রোদে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু দুপুরে জানানো হয় চাল শেষ এবং গুদাম ঘর থেকে ২১ বস্তা উধাও হয়ে গেছে। এতো মানুষ অপেক্ষায় অথচ চাল শেষ কীভাবে হলো সে প্রশ্নের উত্তর না পেয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তালা বন্ধ করে পরিষদের সবাই চলে যান।
কুলসুমের নেছা নামের এক উপকারভোগী বলেন, আমাকে স্লিপ দিয়েছে। সকাল থেকে বাচ্চাকে নিয়ে অপেক্ষা করছি। কিন্তু এখন বলতেছে চাল নেই, দিতে পারবে না। তাহলে সরকারের দেওয়া চাল কোথায় গেলো?
এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব গাউছাল আবরার উদ্দিন জানান, কী হয়েছে বুঝে উঠতে পারছি না। চাল ইউনিয়ন পরিষদেই ছিল। কিন্তু কমে গেল কীভাবে সেটি বুঝতে পারছি না। বাজার থেকে কিনে হলেও আমি আগামীকাল বাকিদের চালের ব্যবস্থা করবো।
এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক আবদুল মান্নান বলেন, আমি নির্দিষ্ট পরিমাণ চাল বুঝিয়ে দিয়েছি সচিবের কাছে। ঘটনাটি শুনেছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেবো।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত