আমিই এক নম্বর টার্গেট, এরপর আমার পরিবার: ইউক্রেনের প্রেসিডেন্ট

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৫ |  আপডেট  : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮


বৃহস্পতিবার সকাল থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। সারাদিন দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই রাজধানী শহর কিয়েভের প্রান্তে পৌঁছে গেছে রুশ বাহিনী।

এমতাবস্থায় দিন শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “রুশ সেনারা আমাকেই এক নম্বর টার্গেট বানিয়েছে। এরপর দ্বিতীয় টার্গেট আমার পরিবার।”

ইউক্রেনের গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিও বার্তায় জেলেনস্কি এ কথা বলেন। তিনি বলেন, “রাজধানীতে সরকারি কোয়ার্টারেই আছি। আমার পরিবারও ইউক্রেনেই আছে।” তবে তার অবস্থান সম্পর্কে এর চেয়ে বেশি কিছু তিনি বলেননি।

এ সময় জেলেনস্কি সতর্ক করে বলেন, “ইউক্রেনীয় কর্মকর্তাদের কাছে তথ্য আছে যে শত্রুদের নাশকতাকারী গ্রুপ ইতোমধ্যে কিয়েভে পৌঁছে গেছে।” তবে নাশকতাকারী ওই গ্রুপগুলো সম্পর্কে বিস্তারিত কিছুই বলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের ঘোষণা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে মোট ১৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত