অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬, ১০:৩১ |  আপডেট  : ৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৩

বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস চলবে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত। বর্তমানে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস চালু থাকে।

এ ছাড়া দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ থাকবে।

বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। রাত প্রায় পৌনে ১১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক। পরে সেখানে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় এক ঘণ্টা কমিয়ে মোট ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, একই দিন থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্যও আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখা এবং বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত