সংসদীয় ব্যবস্থা অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দেবেন: তথ্যমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১৫:১৫ |  আপডেট  : ৭ মার্চ ২০২৬, ১৬:২৩

সংসদীয় ব্যবস্থা অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দেবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।শনিবার (৭ মার্চ) দলীয় সংসদ সদস্যদের জন্য বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আমরা আজ দ্বিতীয় দিনের মতো আমাদের কর্মশালা শুরু করেছি। মোট ৪টা সেশনের মধ্যে তিন নম্বর সেশন গেলো। আজকে বিকেলে চতুর্থ সেশনের মধ্য দিয়েই আমাদের এই কর্মশালা সমাপ্ত হবে।

তিনি বলেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় যাওয়ার আগেই ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র মেরামতের যে কথা বলেছেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর আমরা আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে সব মনোযোগকে নিহিত করেছি সেই কাজে। জাতীয় সংসদকে পরিপূর্ণ মাত্রায় কীভাবে কাজে লাগাতে পারি, এবং সরকারি দল হিসেবে সংসদ নেতার পক্ষ থেকে সংসদকে সবসময় জীবন্ত রাখার যে দায়িত্বগুলো আমাদের আছে, সেটা আমরা কীভাবে করতে পারি—সেগুলো নিয়ে কাজ করছি।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করেছে বিএনপি। দুই দিনের এ কর্মশালা শেষ হচ্ছে আজ শনিবার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত