পুনরায় ভোট গণনার দাবিতে
রংপুর-৪ আসনে বিএনপির প্রায় ৩ঘন্টা সড়ক অবরোধ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫০ | আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৪
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ভোট কারচুপি ও পুনরায় ভোট গণনার দাবিতে কাউনিয়া বালিকা বিদ্যালয় মোড় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক শনিবার ১২টা থেকে প্রায় ৩ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে ধানের শীষ প্রতীকের প্রার্থী এমদাদুল হক ভরসাসহ বিএনপির নেতা কর্মী ও হাজার হাজার সমর্থকরা।
সরেজমিনে বালিকা বিদ্যালয় মোড় এলাকায় গিয়ে দেখা গেছে, এসময় ভোট চোর ভোট চোর এনসিপির আখতার ভোট চোর, শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও হারাগাছ পৌর সভা থেকে হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকরা কাউনিয়া বালিকা বিদ্যালয় মোড়ে উপস্থিত হয়ে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় বিক্ষোভ কারী নেতা কর্মী ও সমর্থকদের উদ্যেশ্য বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এমদাদুল হক ভরসা, উপজেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ, সম্পাদক সফিকুল আলম সফি, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন প্রমূখ। এসময় বিএনপির লালমনিরহাট সদর আসনের নির্বাচিত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ঢাকা যাওয়ার পথে এমদাদুল হক ভরসা কে সমবেদনা জানান। ধানের শীষ প্রতীকের প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন তিনি শুক্রবার রাতে নিজ বাড়িতে সাংবাদিক মাধ্যমে ইসির নিকট এ দাবি জানান। তিনি এ সময় সাংবাদিকদের কান্নাজড়িত কন্ঠে বলেন আমি এবারে ভোটারদের যে সারা পেয়ে ছিলাম তাতে আমার বিজয় সুনিশ্চিত ছিল। আমি বিপুল ভোটে বিজয় লাভ করতাম। কিন্তু এনসিপি ও জামাত জোট শাপলা কলি প্রার্থী ভোট গণনায় কারচুপি করে আমার বিজয়ের রায় কে ছিনিয়ে নিয়েছে। এনসিপি জুলাই যোদ্ধা নয় তারা জুলাই বিক্রেতা, তারা জুলাই বিক্রেতা বলে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি সাংবাদিকদের মাধ্যমে ইসির নিকট এ আসনের ভোট পুনরায় গণনার দাবি জানান। এমদাদুল হক ভরসা পুনরায় ভোট গণনার জন্য শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের জেলা প্রশাসকের নিকট আবেদন জানিয়েছে। বিক্ষোভ চলা কালে প্রায় তিন ঘন্টা রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে দুই পাশে শতশত গাড়ি আটকা পরে। বিক্ষোভ চলা কলে আর্মি, পুলিশ সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। এর পর উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বক্তব্য রাখেন। তিনি বলেন বৈধ প্রক্রিয়ায় আবেদন করা হলে নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ ভোট গননার ব্যবস্থা করবেন। অপরদিকে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে হারাগাছ, কাউনিয়া, পীরগাছা ও রংপুর সদরের সাহেবগঞ্জে বিক্ষোভ করেছে। পরে প্রশাসনের অস্তক্ষেপে বিক্ষোভকারীরা রাস্তা ছেরে দেয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত