মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতা সোহাগ নিহত
স্টাফ রিপোটার,বাগেরহাট:
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৮:৫২ | আপডেট : ১৫ মার্চ ২০২৬, ২০:০১
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগ [৪২) নিহত হয়েছেন। শনিবার [১৪ মার্চ) রাত প্রায় ১০টা ১৫ মিনিটে উপজেলার পানহাট খোলা এলাকার সামনে মোল্লাহাট–চুনখোলা সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে শেখ সোহাগ সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শেখ সোহাগের বাড়ি মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়নের উদয়পুর উত্তরকান্দি গ্রামে। তিনি এলাকায় উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং স্থানীয় রাজনীতিতে একজন সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।
এর আগে গত ৭ মার্চ একই এলাকায় শেখ সোহাগের মোল্লাহাট বাজারে থাকা টিনের দোকানের কর্মচারী নুর ইসলাম [২৭) দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। আহত নুর ইসলামের বাড়ি উপজেলার কুলিয়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
স্বল্প সময়ের ব্যবধানে একই এলাকায় দুটি গুলির ঘটনায় মোল্লাহাট উপজেলায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রæত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ [ওসি) কাজী রমজানুল হক জানান, খবর পেযে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকান্ডের সঙ্গে জড়িত অজ্ঞাত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে ব্যবসায়িক দন্ডের জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত