সিরাজদিখানে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা  

  মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ২০:৩০ |  আপডেট  : ৩ মার্চ ২০২৬, ২২:১২

 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে কৃষিজমির উপরিস্তরের মাটি ব্যবহার করে ইট প্রস্তুতের দায়ে তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ–এর নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. ছানোয়ার হোসেন। এ সময় সিরাজদিখান থানা পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।

অভিযানে মেসার্স খোশাল মাদবর ব্রিকস, মেসার্স সামাদ ব্রিকস এবং ইকোসিরামিক্স লিমিটেড ইটভাটায় অনিয়মের প্রমাণ পাওয়া যায়। জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কৃষিজমির উপরিস্তরের মাটি ব্যবহার করে ইট প্রস্তুত করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় প্রতিষ্ঠানগুলোর ম্যানেজার বনি আমিন ও লালনকে প্রত্যেকে ২ লাখ টাকা এবং ইমতিয়াজ মামুনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় ৯ লাখ টাকা।এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স হালনাগাদ, পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং ভবিষ্যতে কৃষিজমির মাটি ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত