মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টার পিএস নিয়োগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ১১:১৩ | আপডেট : ১০ জুন ২০২৬, ০৬:৫৬
নতুন মন্ত্রিসভার ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টারও পিএস নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত উপসচিব এ. এস. এম. হুমায়ুন কবীরকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পিএস এবং স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কমল কুমার ঘোষকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের পিএস নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব তোফাজ্জল হোসেনকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের পিএস এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পিএস মো. রোকন-উল-হাসানকে আবারও তার পিএস করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ আল-আমীনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর পিএস নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়, মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টারা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়ন করা একান্ত সচিবদেরকে এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ, ক, ম, মোজাম্মেল হকের পিএস মোহাম্মদ সানোয়ার হোসেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পিএস মো. আলমগীর হোসেনকে একই পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পিএস (আইসিটি বিভাগে থাকাকালীন) মো. মুশফিকুর রহমানকে পুনরায় তার পিএস পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত