বাগেরহাটে ৪ মাদকাসক্তকে কারাদন্ড ও জরিমানা
স্টাফ রিপোটার,বাগেরহাট
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৫:০৫ | আপডেট : ১০ জুন ২০২৬, ১৬:১০
বাগেরহাট সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪ জন মাদকাসক্তকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন অঙ্কের জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সোমবার (৯ জুন ২০২৬) বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত বাগেরহাট পৌরসভার হাড়িখালী, নাগেরবাজার, বাসাবাটি এবং বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ফেরদৌস খান (৩৭), পিতা রস্তুম খান, গ্রাম যশোরদী, থানা কচুয়া, সোহেল ফরাজী (৩২), পিতা জাকির ফরাজী, গ্রাম সরুই, সাজ্জাদ হাওলাদার (২৮), পিতা মৃত আলম হাওলাদার, গ্রাম নাগেরবাজার এবং হৃদয় মোল্যা (২৫), পিতা মৃত সাইফুল মোল্যা, গ্রাম পুটিমারি, থানা ও জেলা বাগেরহাট।
বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আতিয়া খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী প্রত্যেক আসামিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এছাড়া ফেরদৌস খানকে ২ হাজার টাকা, সোহেল ফরাজীকে ১ হাজার টাকা, সাজ্জাদ হাওলাদারকে ২৫০ টাকা এবং হৃদয় মোল্যাকে ১০০ টাকা জরিমানা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত