যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের ‘বিজয়’ বলছে হোয়াইট হাউস

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ |  আপডেট  : ৮ এপ্রিল ২০২৬, ১৫:৩২

ক্যারোলিন লেভিট/ফাইল ছবি


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির বিষয়টিকে যুক্তরাষ্ট্রের একটি বড় বিজয় হিসেবে দাবি করেছে হোয়াইট হাউস। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই দাবি করেন।

বিবৃতিতে লেভিট বলেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়, যা প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের অবিশ্বাস্য সামরিক বাহিনী সম্ভব করেছে।’

তিনি আরও উল্লেখ করেন যে, অপারেশন এপিক ফিউরির শুরু থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প ধারণা করেছিলেন যে এটি ৪ থেকে ৬ সপ্তাহের একটি অভিযান হবে। আমাদের যোদ্ধাদের অবিশ্বাস্য সক্ষমতার কারণে মাত্র ৩৮ দিনেই আমরা সামরিক লক্ষ্যমাত্রার চেয়েও বেশি কিছু অর্জন করতে সক্ষম হয়েছি।

হোয়াইট হাউসের দাবি, সামরিক বাহিনীর এই সাফল্যই আলোচনার টেবিলে ট্রাম্পকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। এর ফলেই একটি কঠিন আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান এবং দীর্ঘমেয়াদি শান্তির পথ তৈরি হয়েছে।

প্রেস সেক্রেটারি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সক্ষম হয়েছেন।

তবে বাস্তবতা হলো, যুদ্ধ শুরুর আগে এই জলপথটি স্বাভাবিকভাবেই খোলা ছিল। বর্তমানে ইরান শর্ত দিয়েছে যে, এখন থেকে এই পথে নিরাপদ যাতায়াতের জন্য তাদের বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।

লেভিট বলেন, আমেরিকার স্বার্থ রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের সক্ষমতাকে কখনোই খাটো করে দেখা উচিত নয়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত