ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব
ময়মনসিংহ প্রতিনিধিঃ
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ১০:৫১ | আপডেট : ৮ এপ্রিল ২০২৬, ১৫:২০
ময়মনসিংহের গৌরীপুরে একটি ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির।
আটক ব্যবস্থাপক মো. জলিল হোসেন রিফাত (৩০) উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের বাসিন্দা।
এদিকে, মঙ্গলবার রাতেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী আফসারুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১, ২ ও ৪ এপ্রিল ভৈরববাজার (কিশোরগঞ্জ) ডিপো থেকে মোট ৪০ হাজার ৫০০ লিটার পেট্রোল ওই ফিলিং স্টেশনে আনা হয়। এরপর ৬ ও ৭ এপ্রিল আরও ১৮ হাজার লিটার পেট্রোল মজুত করা হয়। সব মিলিয়ে মোট ৫৮ হাজার ৫০০ লিটার পেট্রোল স্টেশনে থাকার কথা থাকলেও তা পাওয়া যায়নি।
এ অবস্থায় স্টেশনে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত কাগজপত্র যাচাই করে বিপুল পরিমাণ পেট্রোল আনার সত্যতা পান। পরে ব্যবস্থাপকের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সন্তোষজনক কোনও ব্যাখ্যা দিতে পারেননি। তাকে আটক করে থানায় নেওয়া হয় এবং নিয়মিত মামলার মাধ্যমে গ্রেফতার দেখানো হয়।
অভিযোগের বিষয়ে ফিলিং স্টেশনের মালিক হাফেজ আজিজুল হক বলেন, ‘আমি যে পেট্রোল এনেছি তা প্রতিদিন বিক্রি করে দিয়েছি। এখানে অন্য কোনও উদ্দেশ্য ছিল না। মিথ্যা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অযথা হয়রানি করেছেন।’
গৌরীপুর থানার ওসি কামরুল হাসান জানান, গ্রেফতার ব্যক্তিকে বুধবার আদালতে পাঠানো হবে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত