নন্দীগ্রামে বাজার নিয়ন্ত্রণে রাখতে ম্যাজিস্ট্রেট, এক হোটেল মালিককে জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ | আপডেট : ১ মার্চ ২০২৬, ০৫:০৪
বগুড়ার নন্দীগ্রামে পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ম্যাজিস্ট্রেট বিভিন্ন হাট-বাজার তদারকি করছে। এর পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর হাটে তিনি বাজার তদারকি করেন। সেসময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয় না করার বিষয়ে সতর্ক করাসহ দোকানে মূল্য তালিকা প্রদর্শনের দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এরপর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের ভ্রাম্যমাণ আদালত রণবাঘা বাসস্ট্যান্ড এলাকার হাবিবা হোটেল এন্ড রেস্টুরেন্টের কারখানায় অভিযান চালিয়ে নোংরা, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআই অনুমোদন ব্যতীত দই-মিষ্টি উৎপাদন এবং বিক্রয় করার অপরাধে হাবিবা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক হাবিবুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করেন। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার। সেসময় নন্দীগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, হাট-বাজার তদারকি অব্যাহত থাকবে। তাই প্রত্যেক ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা করতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত