সিংড়ায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: দুই পক্ষের সংঘর্ষে আহত ১২, আশঙ্কাজনক ২
রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৮:১৩ | আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৯:১৮
নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল মহেশচন্দ্রপুর গ্রামে পৌরসভা বনাম ইউনিয়ন এলাকার একটি দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার একপর্যায়ে পৌরসভা দলের খেলোয়াড়রা স্টাম্প ভেঙে ফেললে ম্যাচটি অমীমাংসিত অবস্থায় শেষ হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে মাঠেই দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে পুরানো সেই বিরোধের জেরে পৌরসভা দলের সমর্থক ও স্থানীয়দের সাথে ইউনিয়ন এলাকার লোকজনের পুনরায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ইট-পাটকেল, বাঁশের লাঠি, লোহার রড ও হাসুয়া ব্যবহার করে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত ১২ জনকে উদ্ধার করে রাত ১০টার দিকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতরা হলেন, মহিদুল (৪৫), লুৎফর (৬৫), রাকিব (৩৫), বিল্লাল (৩৮)নয়ন (২৫), সোহান (২০), শাহিন (২৭), তুরাগ (১৯), আফতাব (৫৫), জনাব আলী (৬৩), সাইফুল ইসলাম ও আবু শাহাদাত (৪৫)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও আবু শাহাদাতের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিংড়া থানা পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
ওসি রফিকুল ইসলাম বলেন, ক্রিকেট খেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত